আন্তর্জাতিক
শীতকালীন বৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কায় গাজার এক হাজার আশ্রয়শিবির

শীতকালীন বৃষ্টিতে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় এক হাজার আশ্রয়শিবির প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গাজা সিটিতে এক বৈঠকের পর এই সতর্কবার্তা দিয়েছে গাজা উপত্যকার পৌরসভাগুলোর জোট। তারা জানিয়েছে, ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এবং পানির পাম্পের অভাবে জমে থাকা পানি সরানোর মতো তেমন কোনো উপায় তাদের হাতে নেই। বিশেষ করে মধ্য গাজার আল-মুগরাকা ও আল-জাহরা এলাকায় ওয়াদি গাজার পানি হঠাৎ বেড়ে গিয়ে বড় বিপদ তৈরি করতে পারে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর এবার চতুর্থ শীতকাল পার করছে গাজাবাসী। পৌরসভা জোটের তথ্যমতে, পুরো উপত্যকায় প্রায় দুই লাখ তাঁবু বদলানো জরুরি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এর আগে নভেম্বরের শুরুতে ঝড়ে প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে গিয়ে সাড়ে তিন লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ দুর্ভোগে পড়েন। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই আরেকটি ঝড় আঘাত হানতে পারে। চরম এই অসহায়ত্বের মাঝে এক বাস্তুচ্যুত মা জানান, পরিবারের বিছানাপত্র ও কাপড়চোপড় শুকনো রাখতে তিনি ছেলের জন্য কিনে রাখা কাফনের কাপড় কেটে তাঁবুতে তালি দিয়েছেন। তার ভাষায়, আমি কোনো ত্রিপল জোগাড় করতে পারিনি।
এদিকে বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ত্রাণ প্রবেশের জন্য গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। কমিশনের মুখপাত্র ইভা হর্নসিরোভা জানান, ইসরায়েলের অনুমতি না মেলায় তাঁবু ও সেগুলো খাটানোর সরঞ্জাম বোঝাই ট্রাক গাজার বাইরে আটকে আছে। জাতিসংঘের হিসাবে, দেড় লাখের বেশি তাঁবু এখন গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে। তবে ইসরায়েলের ত্রাণ সমন্বয়কারী সামরিক সংস্থা কোগাট দাবি করেছে, শীতকালীন কর্মসূচির আওতায় এরই মধ্যে প্রায় এক লাখ তাঁবু গাজায় ঢুকেছে। সংস্থাটির সাফ কথা, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠনের কোনো সরঞ্জাম ঢুকতে দেয়া হবে না।
পরবর্তী ঝড় আসার আগেই জরুরি মেরামতের জন্য পাম্প, জেনারেটর, জ্বালানি, ১০ হাজার টন সিমেন্ট এবং ঝড়-বৃষ্টি সহনীয় ভ্রাম্যমাণ ঘর চেয়েছে গাজার পৌরসভাগুলো।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন