ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ৩০ ফুট উঁচু জোয়ারের ঢেউ, ধসে পড়ল ৫০ বছরের পুরনো জেটি

ক্যালিফোর্নিয়ায় ৩০ ফুট উঁচু জোয়ারের ঢেউ, ধসে পড়ল ৫০ বছরের পুরনো জেটি

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ৩০ ফুট উঁচু জোয়ারের ঢেউ, ধসে পড়ল ৫০ বছরের পুরনো জেটি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২২ মিনিট আগে

প্রবল ঢেউ আর রেকর্ড জোয়ারের কবলে পড়ে বুধবার (২৫ নভেম্বর) বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকা। ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে উপকূল রক্ষা বাঁধ, প্লাবিত হয়েছে অসংখ্য বাড়িঘর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান ফ্রান্সিসকোর দক্ষিণের প্যাসিফিকা শহর। সেখানে প্রবল জলোচ্ছ্বাসে ১৯৭৩ সালে নির্মিত ঐতিহাসিক একটি জেটির একাংশ ধসে পড়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, নজিরবিহীন শক্তিশালী এল নিনো, সমুদ্রের রেকর্ড উষ্ণতা এবং পশ্চিম দিক থেকে আসা প্রবল ঢেউয়ের কারণেই এই ভয়াবহ বিশাল জোয়ারের সৃষ্টি হয়েছে। প্যাসিফিকার অনেক রাস্তায় হাঁটুসমান পানি জমে গেছে, যা সরাতে হিমশিম খাচ্ছে স্থানীয় পাম্পগুলো। সান মাতেও কাউন্টি সুপারভাইজার রে মুলার বলেন, এই এল নিনোর শক্তি নজিরবিহীন। 


প্যাসিফিকার এই ক্ষয়ক্ষতিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সান ফ্রান্সিসকোতে সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে কী আসতে চলেছে,এটা তারই একটা আভাস। আজ যেটা অস্বাভাবিক মনে হচ্ছে, কাল সেটাই স্বাভাবিক হয়ে যাবে। আমাদের সন্তানদের প্রতিদিন এর মুখোমুখি হতে হবে। তিনি সতর্ক করে বলেন, অস্থায়ী বাঁধ দিয়ে দীর্ঘমেয়াদী এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। এদিকে সান্তা ক্রুজ ও মারিন কাউন্টির উপকূলীয় এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মন্টেরি কাউন্টিতে ৫০ ফুট পর্যন্ত ঢেউয়ের আশঙ্কায় বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দেয়া হয়েছে।


দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও জোয়ারের পানি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সান দিয়েগোর লা হোয়ায় ৮ দশমিক ১১ ফুট, সান্তা বারবারায় ৮ দশমিক ২১ ফুট এবং মন্টেরিতে ৮ দশমিক ০২ ফুট উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়েছে। অরেঞ্জ কাউন্টির সানসেট বিচে ৮ দশমিক ৩ ফুট উঁচু জোয়ারে কয়েকটি বাড়ি প্লাবিত হলেও বালির বস্তা ও আগেভাগে প্রস্তুতি নেয়ায় গত অক্টোবরের তুলনায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বৃহস্পতিবার জোয়ারের উচ্চতা আরও বাড়তে পারে এবং বড়দিনসহ সামনের দিনগুলোতে আরও ভয়াবহ জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে।


সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন