আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যার রায়ের অযৌক্তিক অংশ মানতে অস্বীকৃতি মিয়ানমারের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা রায়ের অযৌক্তিক অংশগুলো মেনে নেবে না মিয়ানমার। রায়ের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে এ কথা জানিয়েছেন দেশটির নেতা মিন অং হ্লাইং।
গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। আদালতের হিসেবে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নৃশংসভাবে নিহত হয় এবং ৭ লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। এ ছাড়া কোনো না কোনোভাবে হামলার শিকার হয় প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র হলো মিয়ানমার। তবে দেশটি শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, তাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, গণহত্যা শব্দটি দেশের সুনামের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল দেশ হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে, তবে যেসব শর্তকে অযৌক্তিক মনে করবে, তা মেনে নেবে না। অবশ্য রায়ের ঠিক কোন কোন অংশে তাদের আপত্তি রয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
২০১৯ সালে গাম্বিয়ার করা এই মামলায় বিচারকদের ৯-৬ ভোটে এই রায় দেয়া হয়। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। রায়ে মিয়ানমারকে আনুপাতিক ক্ষতিপূরণ দেয়া, চলমান নির্যাতন বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে আইসিজে-র নিজস্ব কোনো প্রয়োগক্ষমতা না থাকায় রায় বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হবে।
রায়টি মূলত প্রতীকী হলেও রোহিঙ্গা সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো একে স্বাগত জানিয়েছে। ইতিমধ্যেই এক ডজনের বেশি দেশ এই রায়কে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গৃহযুদ্ধ ও ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে মিয়ানমার।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন