আন্তর্জাতিক
ভারতের পাটনায় বিয়েতে ৪ লাখ মানুষের দাওয়াত, খাবার নিয়ে লেগে গেল কাড়াকাড়ি

পাঁচটি হেলিপ্যাড, ঘোড়দৌড় প্রতিযোগিতা, বরকে ৩ কোটি রুপির ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি উপহার আর চার লাখ অতিথির জন্য দেড় শতাধিক পদের খাবার। ভারতের বিহারের প্রভাবশালী রাজনীতিক অনন্ত সিংয়ের মেয়ের এমন রাজকীয় বিয়ে এখন আলোচনায় ভিন্ন এক কারণে। বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে মানুষের হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির একটি ভিডিও ভাইরাল হওয়ায় নাগরিক শিষ্টাচার ও শৃঙ্খলা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত ২৫ নভেম্বর পাটনা জেলার নাদওয়ান গ্রামে ছোটে সরকার নামে পরিচিত অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ে হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ঘোড়দৌড়ের প্রথম পুরস্কার ছিল মাহিন্দ্রা থার গাড়ি। তবে এত বড় আয়োজনের চেয়ে বেশি আলোচনায় এসেছে খাবার নিয়ে কাড়াকাড়ির ভিডিওটি।
ভিডিওটি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, মানুষ আজকাল ন্যূনতম ভদ্রতা আর নাগরিক শিষ্টাচার হারিয়ে ফেলছে। অতিরিক্ত শর্ট ভিডিও দেখার কারণে অনেকেই অধৈর্য হয়ে পড়েছে, নিজের পালা আসার জন্য অপেক্ষা করতে পারে না। আরেকজন এই পরিস্থিতির জন্য বিহারের কম মাথাপিছু আয়কে দায়ী করেছেন।
তবে ভিন্নমত জানিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, এটা অনন্ত সিংয়ের দোষ না। হোটেলের বুফেতে যখন খাবারের কোনো লিমিট থাকে না, তখন বড়লোকেরাও কেমন আচরণ করে তা খেয়াল করা উচিত। এদের অনেকের বাসাতেই পর্যাপ্ত খাবার আছে, তবুও আনলিমিটেড খাবার দেখলে পাগল হয়ে যায়।
সূত্র: নিউজ ১৮
ডিবিসি/এসভিএন