ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরিশালে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

বরিশালে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

সারা বাংলা

বরিশালে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল কৃষিকাজের সঙ্গে জড়িত।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।

 

স্থানীয়রা জানান, ঘটনার পর নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।

 

ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তিনি তার বাবাকেও মারধর করেছেন।

 

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল তার মায়ের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।

 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন