আন্তর্জাতিক, এশিয়া
শ্রীলঙ্কায় মুসলিম হত্যাকাণ্ডের ৩৬ বছর পর গণকবরে মিলল কঙ্কাল

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কুরুক্কালমাদামে একটি গণকবর খুঁড়ে কাটার দাগসহ কঙ্কালাবশেষ পেয়েছে আদালত নিয়োজিত প্রত্নতাত্ত্বিক দল। নিহতদের পরিবারের আইনজীবী মুয়াজ্জাম মুবারক আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। এ আবিষ্কারে ১৯৯০ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের হাতে নিহত ও নিখোঁজ মুসলিমদের পরিণতি সম্পর্কে আরও তথ্য জানার আশা জেগেছে স্বজনদের মধ্যে।
১৯৯০ সালের জুলাইয়ে তৈরি পোশাক বিক্রি করে আক্কারাইপাত্তু থেকে নিজ শহর কাট্টানকুডিতে ফিরছিলেন ফৌজুল আমির। পথে কুরুক্কালমাদামের কাছে তাকে আটকায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। সেখানে গুলি করে হত্যা করা হয় আমিরসহ বহু মানুষকে। বিভিন্ন হিসাবে ওই ঘটনায় নিহতের সংখ্যা ৬০ থেকে প্রায় ১৫০। আমিরের মৃত্যুর কয়েক দিন পর তার ভাই আবদুর রউফকে বাত্তিকালোয়া যাওয়ার পথে অপহরণ করে এলটিটিই। এরপর তার আর খোঁজ মেলেনি।
নিখোঁজদের পরিণতি জানতে শ্রীলঙ্কা সরকার ২০১৬ সালে একটি দপ্তর গঠন করে। সেখানে অভিযোগ করেছিলেন আমির ও রউফের বোন ফৌজুল হিনায়া। এখন ৬০ বছর বয়সী হিনায়ার চাওয়া, ভাইদের দেহাবশেষ শনাক্ত হলে যেন ইসলামি রীতি মেনে তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারেন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একই বছরের আগস্টে কাট্টানকুডি ও এরাভুরের দুটি মসজিদে এলটিটিইর হামলায় অন্তত ৩০০ মুসলিম নিহত হন। অক্টোবরে শ্রীলঙ্কার উত্তর প্রদেশ থেকে আনুমানিক ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে তাড়িয়ে দেয় সংগঠনটি। ১৯৮৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে, এলটিটিইর পরাজয়ের মধ্য দিয়ে।
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকি ফৌজ বলেন, এখন অগ্রাধিকার হওয়া উচিত দেহাবশেষ কার, তা শনাক্ত করা, কী ঘটেছিল তা নির্ধারণ করা এবং তদন্তের অগ্রগতি পরিবারগুলোকে জানানো। ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য রিয়াস ফারুকও ঘটনার স্বাধীন তদন্তের প্রত্যাশা জানিয়েছেন।
ডিবিসি/ এসএফএল