ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিখোঁজ প্রায় ৪ হাজার মানুষকে মৃত ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু

নেপালে বন্যায় নিখোঁজ প্রায় ৪ হাজার মানুষকে মৃত ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিখোঁজ প্রায় ৪ হাজার মানুষকে মৃত ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভয়াবহ বন্যার তিন মাস পর এখনো নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকে আইনগতভাবে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের একটি উঁচু হিমবাহ ধসে পড়লে পানি, বরফ, পাথর ও কাদামাটির প্রবল স্রোত নেমে আসে। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বন্যায় নেপালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যান এবং সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাম বাহাদুর কেসি জানান, নিখোঁজদের তথ্য যাচাই করে তাদের মৃত ঘোষণার কাজ শুরু হয়েছে। এ জন্য ৬২৩ জন বিদেশিসহ প্রায় ৪ হাজার নিখোঁজ মানুষের নামের তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কারও কোনো আপত্তি বা সংশোধন থাকলে তা জানাতে বলা হয়েছে। যাচাই শেষে এই তালিকায় আরও নাম যোগ হতে পারে এবং আইনি কাজ শেষ হলে সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেবে।

 

গত মাসে নেপালের আইনে পরিবর্তন এনে দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণার সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে প্রায় ছয় সপ্তাহ করা হয়। মূলত এরপরই এই উদ্যোগ নেয়া হলো।

 

কয়েক সপ্তাহ ধরে শত শত উদ্ধারকর্মী কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালালেও নিখোঁজদের মধ্যে খুব কম মানুষকেই জীবিত পাওয়া গেছে। এখন পর্যন্ত মাত্র ১১২ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

 

মৃত্যু সনদ না থাকায় অনেক পরিবার সরকারি ক্ষতিপূরণ দাবি, সম্পত্তি ভাগবাটোয়ারা বা অন্যান্য আইনি কাজ করতে পারছিল না। মরদেহ না পাওয়ায় অনেক পরিবার ইতিমধ্যে নিখোঁজ স্বজনদের প্রতীকী শেষকৃত্যও সেরে ফেলেছে।

 

অন্যদিকে, সীমান্তের তিব্বত অংশে ৪৩ জন নিহত ও ৫১৯ জন নিখোঁজ হওয়ার কথা গত সেপ্টেম্বরে জানিয়েছিল চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তখন বলা হয়েছিল বিষয়টি ‘তদন্তাধীন’ রয়েছে। এরপর চীন আর কোনো নতুন তথ্য দেয়নি। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ ওপর ছেড়ে দেন।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্টে
 

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন