সারা বাংলা
চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাকেন্দ্রে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি সাগরের দেয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন বলেন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর জানান। খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে জানানো হলে খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনিও সেখানে পৌঁছান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডিবিসি/এসডব্লিউএন