সারা বাংলা
গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের সহিংসতায় জড়িতের অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে মো. সেলিম মিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে পরিদর্শক মো. সেলিম মিয়ার বিরুদ্ধে গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাকে ক্লোজড করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, অনুসন্ধানে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে গোপালগঞ্জের ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি জেলা পুলিশ। অভিযোগের সত্যতা অনুসন্ধান শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ।
ডিবিসি/এসডব্লিউএন