সারা বাংলা
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিএনপির দাবি ‘সাজানো নাটক’

কুষ্টিয়ায় গড়াই নদের বালু মহাল নিয়ে বিরোধের জেরে ওয়ার্ড জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ওয়ার্ড জামায়াতের নেতা শাজাহান বালুঘাট থেকে চাঁদা না পেয়ে হামলার নাটক সাজিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য রুকন শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ভাঙচুর করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
জামায়াত নেতা শাজাহানের দাবি, গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামাত নেতাকর্মীরা রাস্তায় ব্লক ফেলে ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বলে অভিযোগ। এর জের ধরে তার বাড়িতে হামলা হয়েছে বলে তার দাবি।
স্থানীয় ও জামায়াতের একটি সূত্র জানিয়েছে, জুগিয়া বালু মহাল থেকে জামায়াত নেতা শাজাহান প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা নিতেন। গত এক মাস ধরে বিএনপি নেতারা তাকে আর টাকা দিচ্ছেন না। এসব নিয়ে ঝামেলা তৈরি হয়। এর আগেও একবার এলাকাবাসীকে সাথে নিয়ে সড়কে সমাবেশ করেন শাজাহান। এরপর বিএনপি নেতারা তার সাথে সমঝোতা করেন। এরপর বিগত কিছুদিন টাকা পাচ্ছেন না শাজাহান। এসব কারণে এমপি আমির হামজাকে নিয়ে এসে বালুঘাট বন্ধের চেষ্টা করেন।
বিএনপি কর্মীরা হামলা ও গুলি করার এ অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত নেতা মো. শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। এই হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি বিএনপির।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় কারা জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ডিবিসি/এসডব্লিউএন