সারা বাংলা
ময়মনসিংহে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নে নেয়া হলো ৫ বিষয়ের বার্ষিক পরীক্ষা

ময়মনসিংহের ত্রিশালের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ইউটিউবে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে প্রশ্নপত্র প্রকাশিত হলেও সেই প্রশ্নেই পাঁচটি বিষয়ের পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। তবে অভিযোগের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়গুলোর নিজস্বভাবে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, ত্রিশালের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা অনুসরণ না করে বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনা মূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিচ্ছে। এসব প্রশ্নপত্র পরীক্ষার আগেই ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার (২৫ নভেম্বর) থেকেই ইউটিউবের একটি চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, এর আগেও বিদ্যালয়টির পাঁচটি বিষয়ের প্রশ্নপত্র ইউটিউবে প্রকাশিত হয়েছিল। গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষাও ইউটিউবে প্রকাশিত প্রশ্নপত্র অনুযায়ী নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে বিদ্যালয়ে এসে স্থগিতের খবর জানতে পারে শিক্ষার্থীরা। পরে তাদের জানানো হয়, পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাটি নেয়া হবে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো কয়েকজন অসাধু শিক্ষক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। আগের পাঁচটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে।
এ বিষয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে মিলে গেছে এমন তথ্য জানার পরই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাটি নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার বিষয়টি কীভাবে ঘটেছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে কেন প্রকাশিত হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন