বিবিধ
আকিজ ভেঞ্চার গ্রুপের জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘মোজো প্রেজেন্টস গেমচেঞ্জার্স’ শুরু

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘মোজো প্রেজেন্টস গেমচেঞ্জার্স’-এর আয়োজন করেছে আকিজ ভেঞ্চার গ্রুপ। দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (বিডিঅ্যান্ডআর) বিভাগের উদ্যোগে এবং মোজোর পরিবেশনায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। এর মোট প্রাইজমানি ৩ লাখ টাকা।
আকিজ ভেঞ্চার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান আবদুল হাই ভূঁইয়া বলেন, ‘আমাদের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ দল প্রতিদিনই বাজারের বাস্তব সমস্যা নিয়ে কাজ করে। গেমচেঞ্জার্সের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই, দেখতে চাই তারা কীভাবে ভাবে। ভালো ধারণা অনেক সময় মাঠপর্যায়ের ভোক্তার কাছ থেকেই আসে।’
মোজোর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক বলেন, ‘মোজো প্রেজেন্টস গেমচেঞ্জার্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। মোজো সব সময় তরুণদের পাশে থেকেছে। এই প্রতিযোগিতা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিজেদের মেধা প্রমাণের একটি সত্যিকারের মঞ্চ তৈরি করবে। দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে বুদ্ধিদীপ্ত চিন্তাধারা দেখার অপেক্ষায় আছি আমরা।’
যেকোনো বিভাগের শিক্ষার্থীরা দুই থেকে চারজনের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একসঙ্গে দল গড়তে পারবেন। নিবন্ধন করতে হবে অনলাইনে, এর জন্য কোনো ফি লাগবে না।
তিন ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অনলাইনে অনুষ্ঠেয় প্রথম ধাপ ‘ওপেন কেস’-এ কেস ব্রিফ প্রকাশের পর নিবন্ধিত প্রতিটি দলকে একটি বাস্তব ব্যবসায়িক সমস্যা দেওয়া হবে। দলগুলোকে আট স্লাইডের একটি স্ট্র্যাটেজি ডেক ও এক পৃষ্ঠার একটি এক্সিকিউটিভ সামারি জমা দিতে হবে। নিজেদের সুপারিশের পক্ষে তথ্যপ্রমাণ হিসেবে প্রতিটি দলকে ভোক্তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত জরিপও পরিচালনা করতে হবে। প্রথম ধাপ থেকে সেরা ৩০টি দল দ্বিতীয় ধাপে উঠবে, যার বিস্তারিত পরে জানানো হবে। সেরা ১০টি দল ঢাকায় অনুষ্ঠেয় গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের সামনে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করবে।
নিবন্ধিত দলগুলোর জন্য কেস সমাধানের কৌশল নিয়ে একটি অনলাইন সেশনেরও আয়োজন করা হবে। দেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাব ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সঙ্গে কাজ করবেন আয়োজকেরা।
প্রতিযোগিতার প্রকল্প ব্যবস্থাপক আজমাইন আবরেসাম বলেন, ‘প্রথম ধাপে ভোক্তা জরিপ রাখা হয়েছে, যাতে দলগুলো উপস্থাপনের আগেই নিজেদের ধারণা যাচাই করে নিতে পারে। নিবন্ধন বিনা মূল্যে এবং যেকোনো বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। তাই আমরা আশা করছি, শুধু বিজনেস স্কুল নয়, নানা বিষয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।’
নিবন্ধনের বিস্তারিত ও প্রতিযোগিতার হালনাগাদ তথ্য পাওয়া যাবে অফিশিয়াল ফেসবুক পেজে: facebook.com/gamechangers.akijventure