আন্তর্জাতিক, ভারত
ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার অলংকার দান করলেন দম্পতি

চেন্নাইয়ের জৈন দম্পতি বর্ধমান ও রাধিকা জৈন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি ওজনের সোনার অলংকার দান করেছেন। ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে নিবেদন করা এসব অলংকারের মধ্যে হীরাখচিত গয়নাও রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দান করা অলংকারের মূল্য ২০৬ কোটি ভারতীয় রুপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে দম্পতি আনুষ্ঠানিকভাবে অলংকারগুলো মন্দিরের পুরোহিত ও পরিচালনা সংস্থা তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) প্রতিনিধিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের পর দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাইডু বলেন, ভেঙ্কটেশ্বরের প্রতি গভীর ভক্তি থেকেই তারা এই দান করেছেন। তার ভাষ্য, ঐশ্বরিক অনুপ্রেরণা থেকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা তাকে জানিয়েছেন ওই দম্পতি।
মুখ্যমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণদেবরায়ের সময় থেকে আজ পর্যন্ত তিরুমালায় ভক্তদের নিবেদনের ধারা অব্যাহত রয়েছে। মন্দিরে মূল্যবান অলংকার দানের ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি পল্লব, চোল, চের ও পাণ্ড্য শাসকদের পাশাপাশি মহীশূর ও মারাঠা রাজাদের অবদানের কথাও স্মরণ করেন।
নাইডু মন্দিরের পবিত্রতা রক্ষার পাশাপাশি গো-সুরক্ষা, বৈদিক ঐতিহ্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিতে টিটিডির প্রতি আহ্বান জানান। তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগকে এগিয়ে নেওয়া ও মন্দিরের অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান। এ ছাড়া টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৫ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, তার সরকার বিনা মূল্যে খাবার বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাবিষয়ক উদ্যোগ জোরদার করবে। মানুষের সেবাকে ঈশ্বরের সেবা হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামর্থ্যবান ব্যক্তিদের উচিত সমাজকল্যাণ, ধর্মীয় কাজ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিজেদের সম্পদ ব্যবহার করা।
ডিবিসি/ এসএফএল