সারা বাংলা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়ে প্রকল্পটির জন্য মোট নয়টি চালান দেশে পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য আটটি চালান এসেছে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটি।
দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের।
ডিবিসি/এমএনকে