ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভোলায় ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭০.৪ শতাংশ

ভোলায় ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭০.৪ শতাংশ

সারা বাংলা

ভোলায় ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭০.৪ শতাংশ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভোলায় গত ১১ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৩ সালের তুলনায় ২০২৪ সালে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৭০ দশমিক ৪ শতাংশ। বর্তমানে জেলায় মোট ১ লাখ ১৮ হাজার ৮৮৯টি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যার সঙ্গে যুক্ত আছেন ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশনা সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে ভোলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৭০টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৮৯টিতে। বর্তমানে জেলায় ৬৯ হাজার ৫০টি স্থায়ী ও ৪ হাজার ১৪৯টি অস্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৩৮ দশমিক ৪৩ শতাংশ পরিবারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

 

শুমারির তথ্যে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি শহরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের চিত্রও উঠে এসেছে। ২০২৪ সালে জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৬ দশমিক ৯৫ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৩ দশমিক ০৫ শতাংশ শহরাঞ্চলে অবস্থিত। ২০১৩ সালে শহরাঞ্চলে এ হার ছিল ১৬ দশমিক ৭৮ শতাংশ, যা ১১ বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গ্রাম ও শহর-উভয় অঞ্চলেই অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। বিশেষ করে পরিবারভিত্তিক উদ্যোগের বড় অংশ স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

এছাড়া বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাকসুদুর রহমান।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন