সারা বাংলা
বরিশালে দুই বাসের সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের ওই এলাকায় গ্রিন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে স্থানীয় আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনার সময় ঘরের সদস্যরা দ্রুত সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান। তবে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়।
ডিবিসি/এমএনকে