ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহতের অভিযোগ

জয়পুরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহতের অভিযোগ

সারা বাংলা

জয়পুরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমির আইল কাটা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন