ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুষ্টিয়ায় সাংবাদিক পরিচয়ে সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা, ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার

কুষ্টিয়ায় সাংবাদিক পরিচয়ে সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা, ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার

সারা বাংলা

কুষ্টিয়ায় সাংবাদিক পরিচয়ে সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা, ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক পরিচয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকাসহ তার স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে সিসিটিভির মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান সোহেল।

অভিযুক্ত সোহেল রানা উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে। স্থানীয়দের অভিযোগ, কুমারখালী-পান্টি সড়কের জয়বাংলা বাজার এলাকায় পাকা সড়কের ধারে পল্লী বিদ্যুতের খুঁটিতে দুটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারি করেন তিনি। কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক লালন কণ্ঠ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করে প্রাইভেট কার ও মোটরসাইকেলে পত্রিকার স্টিকার লাগিয়ে এবং নিজ বাড়িতে আঞ্চলিক কার্যালয় খুলে বছরের পর বছর ধরে ইয়াবা ও ট্যাপেন্ডাসহ বিভিন্ন মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। বছরে দুই-তিনবার কারাগারে গেলেও বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন তিনি।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল) সোহেলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সোহেল পালিয়ে গেলেও ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, একসময় কাঠের স’মিলে শ্রমিকের কাজ করা সোহেল মাদক মামলায় কারাদণ্ড পান। ২০১৯ সালে তৎকালীন সরকারের শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা পাওয়া কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীর মধ্যে তিনিও ছিলেন। তবে সেই সুযোগের অপব্যবহার করে সাংবাদিকতার আড়ালে আরও বড় মাদকের নেটওয়ার্ক গড়ে তোলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে।

 

সরেজমিনে গিয়ে সোহেলের আধাপাকা বাড়ির গেট ভেতর থেকে আটকানো দেখা যায় এবং ডাকাডাকি করেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, আগে অভাবী থাকলেও মাদক ব্যবসা করে এখন ধনী হয়ে গেছেন সোহেল। সাংবাদিক পরিচয়ের ভয়ে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন না। এক শিক্ষক জানান, সন্ধ্যার পর থেকে সারারাত তার বাড়িতে মাদক কেনাবেচা চলে। এতে এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে। এ বিষয়ে জানতে ‘দৈনিক লালন কণ্ঠ’ পত্রিকার সম্পাদক আনারুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘সরকারের সাধারণ ক্ষমার অপব্যবহার করে এবং সাংবাদিকতার লেবাস পরে সুকৌশলে মাদকের ব্যবসা চালাচ্ছেন সোহেল। সিসিটিভির কারণে অভিযান দেখে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা আছে। স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে সিসিটিভিসহ মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব।’

 

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন