সারা বাংলা
নারায়ণগঞ্জে মাটি বাণিজ্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার চাঁদা ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় গুলি ও টেঁটার আঘাতে উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে সামেদ আলী ও হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই শুক্রবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এমএনকে