বাংলাদেশ, সারা বাংলা
কক্সবাজারে কামারের দোকানে মিলল দেশি আগ্নেয়াস্ত্র, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় কামারের দোকানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) মেরামতের সময় সনজিত কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
আটক সনজিত কর্মকার (৪২) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ভোররাতে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজীর বাজার এলাকায় জনৈক ব্যক্তির কামারের দোকানে পরিত্যক্ত হয়ে পড়া আগ্নেয়াস্ত্র মেরামত করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক এক দোকানি সটকে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে লোকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় দোকানে মেরামতের জন্য রাখা দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি মো. মেহেদী হাসান জানান, ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডিবিসি/এসভিএন