আন্তর্জাতিক, আরব
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক মারিয়াম দাগ্গাকে মরণোত্তর স্বীকৃতি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মারিয়াম দাগ্গা মরণোত্তর ররি পেক পুরস্কার পেয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দুই সহকর্মী আবদেল করিম হানা ও জিহাদ আলশারাফির সঙ্গে তিনি এ পুরস্কার ভাগ করে নিয়েছেন। বুধবার ররি পেক ট্রাস্ট জানায়, গাজায় যুদ্ধের মানবিক মূল্য তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় দাগ্গাসহ পাঁচ সাংবাদিক নিহত হন। দাগ্গার বয়স হয়েছিল ৩৩ বছর। তার গাইথ নামে এক কিশোর ছেলে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে তিনি এপির হয়ে কাজ শুরু করেন। যুদ্ধ চলাকালে তিনি এপি ও ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার হয়ে ফ্রিল্যান্স সাংবাদিকতা করেন।
২০১৮ সালে গাজার ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর দৃশ্য ধারণ করেছিলেন দাগ্গা। পরে তিনি জানতে পারেন, নিহত ওই ব্যক্তি তার ভাই।
এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, সাংবাদিকেরা প্রায়ই বিপুল ব্যক্তিগত ঝুঁকি নিয়ে ঘটনাপ্রবাহ নথিবদ্ধ করেন এবং সাধারণ মানুষকে জানান। দাগ্গাসহ বিভিন্ন সংঘাতে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের মৃত্যুর বিষয়ে জবাব খোঁজার কাজ চালিয়ে যাবে এপি।
এবার প্রথমবারের মতো দেওয়া আলোকচিত্র সাংবাদিকতা বিভাগে পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঞ্জ। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের সংঘাত নিয়ে কাজের জন্য তিনি এ স্বীকৃতি পান। একই বিভাগে চূড়ান্ত তালিকায় ছিলেন সুদানের আলোকচিত্রী আহমেদ মোহাম্মদ আবদাল্লা। যুক্তরাজ্য ভিসা না দেওয়ায় তিনি লন্ডনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
১৯৯৩ সালে মস্কোয় নিহত উত্তর আয়ারল্যান্ডের ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
ডিবিসি/ এসএফএল