আন্তর্জাতিক
তুরস্কে নূহ (আ.)-এর নৌকার সন্ধানে পাওয়া গেল ৪৩০০ বছরের পুরোনো কাঠ

তুরস্কে নূহ (আ.)-এর নৌকা অনুসন্ধানকারী একটি দলের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ওই স্থান থেকে উদ্ধার করা কাঠের প্রাথমিক পরীক্ষাগারের ফলাফলে দেখা গেছে, এগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছর আগের। তার মতে, এই সময়কাল বাইবেলে বর্ণিত মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে মিলে যায়।
‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে অ্যান্ড্রু জোনস বলেন, ‘আমরা ঘোষণা করতে পারি যে নমুনাগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছর আগের। এটি নূহের মহাপ্লাবনের প্রচলিত কিছু তারিখের সঙ্গে মিলে যায়। তাই আমরা সঠিক সময়কালেই রয়েছি।’
জোনস জানান, ‘নোয়াস আর্ক স্ক্যানস’ দলটি ওই স্থান থেকে কয়েক ব্যাগ কাঠ উদ্ধার করেছে, যেগুলোকে তিনি ‘পোড়া দেখতে কাঠ’ হিসেবে বর্ণনা করেছেন। আরারাত পর্বতের কাছে অবস্থিত ওই স্থান থেকে সংগৃহীত কাঠের অন্যান্য টুকরোয় যন্ত্রপাতি দিয়ে কাজ করার চিহ্ন রয়েছে।
নমুনাগুলো মাটির ৩০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে, যা জোনসের ভাষায় একটি ‘নৌকাসদৃশ কাঠামোর’ পশ্চিম পাশে অবস্থিত। তিনি জানান, কাঠামোটি প্রায় ৩০০ কিউবিট (হাত) দীর্ঘ- যা বাইবেলে বর্ণিত নৌকার আকারের সঙ্গে মিলে যায়।
জোনস বলেন, ‘কাঠগুলো সেখানে কীভাবে এল, তা আমরা জানি না। তাই আমরা ধাপে ধাপে এগোচ্ছি, তবে একটি পরীক্ষাগার থেকে পাওয়া এই প্রাথমিক ফলাফল দেখে আমরা আনন্দিত।’
তিনি বিশ্বাস করেন যে তিনি প্রকৃত নোয়াস আর্ক নিয়েই গবেষণা করছেন এবং তার দল ‘বৈজ্ঞানিক প্রমাণ অনুসরণ করছে’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা সংগৃহীত প্রতিটি প্রমাণ যাচাই করে দেখছি এবং তথ্য-উপাত্ত যেদিকে নির্দেশ করে, সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করছি।’
জোনস জানান, ৬৫ বছরেরও বেশি সময় আগে এই স্থানটি নিয়ে আগ্রহ তৈরি হয়, যখন বাইবেলে বর্ণিত নূহের নৌকা অবতরণের স্থানের কাছে এই নৌকাসদৃশ কাঠামোটি আবিষ্কৃত হয়েছিল। তবে তার এই দাবি বৈজ্ঞানিক ঐকমত্যের বিপরীত; বিজ্ঞানীদের মতে, স্থানটি কেবল একটি প্রাকৃতিক শিলাগঠন মাত্র।
খননকাজে কিছু বিরোধিতা থাকা সত্ত্বেও জোনস জানান, তার সঙ্গে কাজ করা একজন অধ্যাপক জনগণের এই আগ্রহে অভিভূত হয়েছেন।
জোনস বলেন, ‘অধ্যাপক বলেছেন যে তিনি বিস্মিত; তিনি আগে কখনো এমন কোনো প্রকল্পে কাজ করেননি যেখানে মানুষ প্রত্নতত্ত্ব নিয়ে এতটা উদ্বিগ্ন যে তারা স্থানটি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় আমাদের কাজ বন্ধ করার চেষ্টা করে।’
ডিবিসি/এসডব্লিউএন