আন্তর্জাতিক, আরব
ইসরায়েলি সরকারে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিতে রাজি আরব নেতা

ইসরায়েলে গাদি আইজেনকটের নেতৃত্বে সম্ভাব্য সরকারে যোগ দেওয়ার আলোচনায় হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিতে পারেন ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) নেতা মানসুর আব্বাস। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, শনিবার সন্ধ্যা বা রোববার সকালে তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানাতে পারেন।
শুক্রবার আব্বাস জানান, শনিবার (২৮ নভেম্বর) চ্যানেল ১২-তে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি হামাসকে কীভাবে আখ্যায়িত করবেন, সে প্রশ্নের উত্তর দেবেন। এর আগে তার নামে এ বিষয়ে কোনো বক্তব্য প্রচার না করতে সংবাদমাধ্যমকে অনুরোধ করেন তিনি।
ইয়াশার দলের নেতা আইজেনকট সম্ভাব্য জোটসঙ্গীদের জন্য চারটি শর্ত দিয়েছেন। এর একটি হলো হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকার করা এবং সংগঠনটির সামরিক ও শাসনক্ষমতা ভেঙে দেওয়ার অঙ্গীকার করা। বাকি শর্তগুলো হলো ইসরায়েলকে ‘ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে নেওয়া এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা সমর্থন করা।
বিরোধী দলগুলোর ‘চেঞ্জ ক্যাম্প’ আরব দলগুলোর সংসদীয় সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনা বিবেচনা করছে। তবে আরব দলগুলোর ভোটের ওপর নির্ভর করা নিয়ে শিবিরটির ভেতরে মতভেদ রয়েছে। ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস দল রা’আমকে সরকারে নেওয়ার পক্ষে। রা’আমের প্রতিনিধি ইয়োয়াভ সেগালোভিৎজকে জোটে নিয়ে দলের বাকি সদস্যদের সংসদের বাইরে থেকে নয়, জোটের বাইরে থেকে সংসদীয় সমর্থন দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
আব্বাসের যুক্তি, সরকারে যোগ দিলে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের জন্য বরাদ্দ নিশ্চিত করা এবং অপরাধ, সহিংসতা, বাড়িঘর ভাঙা ও বৈষম্যের মতো সমস্যা মোকাবিলা করা সহজ হবে। তবে ইসরায়েলের দখলনীতি বহাল রাখে এমন সরকারে যোগ দেওয়ার উদ্যোগ ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে বিরোধিতার মুখে পড়েছে। ওয়াইনেটের সূত্রগুলোর দাবি, জোটে রা’আমের কার্যকর অংশীদারত্বের প্রতিশ্রুতি পেলে আব্বাস হামাসসংক্রান্ত শর্তে নীতিগতভাবে রাজি।
সূত্র: দ্য নিউ আরব
ডিবিসি/ এসএফএল