ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্পের মন্ত্রীরা

ইরানের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্পের মন্ত্রীরা

আন্তর্জাতিক

ইরানের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্পের মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নিরাপত্তা শঙ্কায় ওয়াশিংটন ডিসির সাধারণ আবাসিক এলাকা ছেড়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক ঘাঁটিতে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা। বর্তমানে প্রশাসনের প্রায় অর্ধডজন শীর্ষ কর্মকর্তা জেনারেলদের জন্য বরাদ্দ এসব শতবর্ষী বাসভবনে থাকছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকির কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক হামলার পরিকল্পনা করছে ইরান। এ ছাড়া রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড এবং প্রাণনাশের হুমকির পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে।


সবশেষ ইরানের হুমকির মুখে জর্জটাউনের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ইরানি নেতৃত্ব গোল্লায় যাক। আমি ভয় পাওয়ার পাত্র নই। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা এতে দমে যাব না।’ এ ছাড়া অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বর্তমানে সামরিক আবাসনে বসবাস করছেন।


তবে বেসামরিক নেতাদের এভাবে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কানের মতে, সাধারণ পাড়া-মহল্লা ছেড়ে ঘাঁটিতে থাকলে শীর্ষ কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়বে, যা খুবই দুঃখজনক। পাশাপাশি খরচ ও ভাড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। কর্মকর্তারা মাসে ৪ হাজার ৫০০ ডলার বা তার বেশি ভাড়া দিলেও হেগসেথের বাসভবন সংস্কারে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচের পরিকল্পনায় তীব্র সমালোচনা হয়। এ বিষয়ে আইনি ভিত্তি ও ন্যায্য ভাড়া যাচাইয়ে পেন্টাগনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে কংগ্রেস।


যদিও হোয়াইট হাউসের দাবি, ওয়াশিংটনে অপরাধ কমেছে এবং সুনির্দিষ্ট হুমকির কারণে ঘাঁটিতে থাকলেও রাজধানীকে নিরাপদ করতে কাজ করছেন কর্মকর্তারা। এর আগে ২০০৮ সালে নিরাপত্তা খরচ কমাতে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের মাধ্যমে এই ব্যবস্থা চালু হলেও একসাথে এত শীর্ষ কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাস এবারই প্রথম।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন