বাংলাদেশ, সারা বাংলা
টাঙ্গাইলে দীর্ঘদিন সন্তান না হওয়ার পর একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মধুপুরে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ।
দীর্ঘদিন সন্তান না হওয়ার চিকিৎসার পর একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা পুরো পরিবার। মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মধুপুর সিটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। সুবর্ণা টাঙ্গাইলের গোপালপুরের বড়লিয়া এলাকার লিটন মিয়ার স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশুবিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
লিটন মিয়া জানান, ‘অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে আজ আমার স্ত্রী তিনটি ছেলেসন্তান জন্ম দিয়েছে। আমি অনেক খুশি। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে।’ এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
অধ্যাপক ডা. কোহিনুর আক্তার জানান, ‘তারা দীর্ঘদিন যাবৎ আমার কাছে চিকিৎসা নিচ্ছেন। আজ অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা তিনটির জন্ম হয়েছে। সবাই সুস্থ আছে।’
ডিবিসি/এসভিএন