ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সারা বাংলা

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ফেনীর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১) নাম জানা গেছে।

 

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

 

আহতদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে দাবি করা হচ্ছে।

 

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদলের রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এ সময় তাদের বহরের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয়রা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

 

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।

 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন