ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জাপানে এআই ডেটা সেন্টারের কালো ধোঁয়া ও শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

জাপানে এআই ডেটা সেন্টারের কালো ধোঁয়া ও শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

আন্তর্জাতিক

জাপানে এআই ডেটা সেন্টারের কালো ধোঁয়া ও শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৮ মিনিট আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে চাঙা করতে চাইছে জাপান। কিন্তু ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক বিশাল ডেটা সেন্টার গড়ে ওঠায় এখন ফুঁসে উঠছেন দেশটির সাধারণ মানুষ। শব্দ, কালো ধোঁয়া আর নিরাপত্তার ঝুঁকিতে অতিষ্ঠ বাসিন্দারা এসব স্থাপনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

টোকিওর উত্তর-পূর্বে কাশিওয়া শহরের অবসরপ্রাপ্ত অটো মেকানিক ৭৬ বছর বয়সী সুসুমু গোতোর বাড়ির সামনে বছর কয়েক আগেও ছিল সবুজ মাঠ। এখন সেখানে দাঁড়িয়ে আছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান পিএজি-র ৩১ মিটার উঁচু দুটি ডেটা সেন্টার, যা প্রায় ১০ তলা ভবনের সমান। মাসে অন্তত একবার এগুলোর ব্যাকআপ জেনারেটর পরীক্ষার সময় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ, কালো ধোঁয়া আর পোড়া তেলের গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়ে। গোতো বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাইরে তাকালেই পুরো দৃষ্টি আটকে যায় এই ভবনগুলোতে। খুব দমবন্ধ লাগে। দিনের পর দিন এসব দেখতে দেখতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’


গত দুই মাসে জেনারেটরগুলো প্রায় ১১০ ঘণ্টা চালানো হয়েছে। গোতো আরও বলেন, ‘শব্দের যন্ত্রণায় জানালা বন্ধ করে রাখতে হয় কিংবা বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। যতদিন এটা চলবে, আমাদের বাঁচার পরিবেশ রক্ষায় আমি লড়ে যাব, প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত।’ তবে পিএজি দাবি করেছে, তারা প্রতি মাসে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছে এবং শব্দ নিরোধক দেয়াল দেয়াসহ জেনারেটর পরীক্ষার সময় কমিয়ে এনেছে।


শিথিল আইন ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে জাপান এখন ডেটা সেন্টার বিনিয়োগকারীদের বড় আকর্ষণ। বর্তমানে দেশটির প্রায় ৬০ শতাংশ ডেটা সেন্টারই টোকিও ও এর আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। পরামর্শক প্রতিষ্ঠান জেএলএল-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ২৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই বাজার ২০৩০ সাল নাগাদ ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে।


এদিকে টোকিওর কোতো ওয়ার্ডে ৩৭ বছর বয়সী নার্স আয়ানো সাসাকির অ্যাপার্টমেন্ট থেকে মাত্র ৩ দশমিক ৭ মিটার দূরে ৫১ মিটার উঁচু ডেটা সেন্টার বানাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক এম্পিরিয়ন ডিজিটাল। ভূমিকম্প ও বন্যাপ্রবণ এই এলাকায় মাটির নিচে ১২ লাখ লিটার ভারী তেল মজুত রাখা হবে। আতঙ্কিত সাসাকি বলেন, ‘কোনো বিশেষ নিয়মকানুন ছাড়াই এমন একটা স্থাপনা এখানে তৈরি হয়ে যাচ্ছে, এটা ভাবাই যায় না।’ তবে এম্পিরিয়নের পরামর্শক প্রতিষ্ঠান ইউএসআই ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, আইনকানুন ও পরিবেশগত প্রভাব যাচাই করেই জায়গাটি বেছে নেয়া হয়েছে।


ইনজাই শহরের বাসিন্দারা আরও এক ধাপ এগিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। ব্রিটিশ প্রতিষ্ঠান কোল্ট ডেটা সেন্টার সার্ভিসেসের ৩২ মেগাওয়াটের একটি প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছেন জুনিচি তাকেদা ও তার প্রতিবেশীরা। তাদের অভিযোগ, কারখানা বা গুদামের বদলে আইনের ফাঁক গলে এটিকে ‘অফিস’ হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। তাদের আইনজীবী সাতোশি ওইকাওয়া বলেন, ‘জাপানে এখনো সঠিক আইন তৈরি হয়নি। এ কারণেই আবাসিক এলাকা বা ট্রেন স্টেশনের সামনে বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা হচ্ছে। এতে মানুষের জীবন ও অধিকার হুমকির মুখে পড়ছে। এটা খুব বড় সমস্যা।’


বাসিন্দাদের ক্রমবর্ধমান ক্ষোভ ও প্রতিবাদের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে জাপান সরকার। বিরোধ মেটাতে চলতি বছরের শেষ নাগাদ একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে তারা। পাশাপাশি টোকিওসহ বেশ কয়েকটি স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট শিল্প সংগঠন এ বছর নতুন নির্দেশিকা তৈরি করেছে। তবে আন্দোলনকারীরা বলছেন, যত্রতত্র ডেটা সেন্টার নির্মাণ ঠেকাতে কঠোর আইন প্রণয়ন ছাড়া কোনো বিকল্প নেই।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন