আন্তর্জাতিক, ভারত
লাঞ্চ ব্রেক না নিয়ে ১ ঘণ্টা আগে অফিস ছাড়তেন কর্মী, শাস্তি হিসেবে গেল চাকরি
.webp)
ভারতে দুপুরের খাবারের বিরতি বা লাঞ্চ ব্রেক বাদ দিয়ে নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করায় এক কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই কাজকে অফিসের নীতিমালার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে বরখাস্ত করেছে।
এদিকে ওই কর্মীকে পাঠানো ই-মেইলের বিস্তারিত লিংকডইনে শেয়ার করেছেন প্রতীক শেঠি নামের এক ব্যবহারকারী। তার পোস্টে লেখা হয়েছে, ‘দুপুরের খাবারের বিরতি না নেওয়ায় কর্মী বরখাস্ত। এটি কি ন্যায্য নীতি?’
ই-মেইলটি অনুযায়ী, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই কর্মীকে লেখা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে আপনি বারবার বেলা ১টা থেকে ২টার দুপুরের খাবারের বিরতি বাদ দেন, কাজ করতে করতে নিজের ডেস্কে বসেই খাবার খান এবং সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৫টার মধ্যেই অফিস ত্যাগ করেন।’
ই-মেইলে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও একই ধরন অনুসরণ করতে শুরু করেছেন। এতে বলা হয়, ‘দুপুরের বিরতির সময় কাজ শেষ করার অর্থ এই নয় যে আপনি নির্ধারিত সময়ের আগে অফিস ছাড়ার অধিকার পেয়ে গেছেন।’ নিয়ম তৈরির এখতিয়ার কেবল প্রতিষ্ঠানেরই উল্লেখ করে ই-মেইলের শেষে বলা হয়, ‘আপনার চাকরি তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।’
ভাইরাল হওয়া এই ঘটনায় লিংকডইন ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক মন্তব্যে লেখা হয়েছে, ‘ম্যাট্রিক্সের ফাঁকফোকর খুঁজে পেয়েছিলেন, কিন্তু চাকরিটাই চলে গেল।’
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘দক্ষতার সঙ্গে কাজ শেষ করার বিষয়টি প্রশংসিত হওয়া উচিত, শাস্তিযোগ্য নয়। এই ঘটনা কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই বলে দেয়।’ অন্যরাও একই ধরনের অনুভূতি প্রকাশ করে মন্তব্য করেছেন, ভারতীয় কোম্পানিগুলোতে দক্ষতার চেয়ে ‘ব্যস্ত থাকার ভান করা’ বেশি গুরুত্ব পায়।
মিশ্র প্রতিক্রিয়ার অংশ হিসেবে আরেক ব্যবহারকারী এই সিদ্ধান্তের নিন্দা জানালেও মন্তব্য করেন, ‘কাজ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ের আগে অফিস ছাড়া ভুল। তারা তো আপনাকে দুপুরের বিরতির সময় কাজ করতে বলেননি।’
প্রতিষ্ঠানের অবস্থানকে সমর্থন করে আরেকজন বলেন, ‘কাজ শেষ করা এবং কোম্পানির নীতিমালা মেনে চলা দুটি ভিন্ন বিষয়। দুটিই সমান গুরুত্বপূর্ণ।’
এই ঘটনা ভারতে কর্মক্ষেত্রের আচরণবিধি এবং অফিস নীতিমালা নিয়ে বৃহত্তর বিতর্কের সৃষ্টি করেছে। অনেক কর্মী এ ধরনের অনমনীয় নিয়ম চাপিয়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোকে ‘লালা কোম্পানি’ হিসেবে আখ্যায়িত করেছেন, যে শব্দটি সাধারণত পুরোনো ধাঁচের ব্যবস্থাপনা চর্চা করা কর্মক্ষেত্রগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়।
ডিবিসি/এসডব্লিউএন