ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৪

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৪

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৪

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটির বয়স ৭ মাস ও ১০ মাস। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হাম ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৩ জন। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছে ১৬৪ জন।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী মেয়েশিশু। শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২৭ নভেম্বর সকাল ৮টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।


অন্য শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭ মাস বয়সী মেয়েশিশু। সে ২৭ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হাসপাতালে ভর্তি হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের প্রতিবেদনে উভয় শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম উল্লেখ করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাব হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহজনক হাম হিসেবে উল্লেখ করেছে।


হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬ হাজার ৮১২ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে।


হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অল্প বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন