বাংলাদেশ, সারা বাংলা
মুন্সিগঞ্জে সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ, ২ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (২৭ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধান পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তার সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলিম নামের এক যুবক নিহত হন। শিশুসহ আহত হন অন্তত ৫ জন। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর।
ডিবিসি/এসভিএন