আন্তর্জাতিক
এবার মহাকাশে নভোচারীর জন্য পাঠানো হচ্ছে কানাডার বিখ্যাত খাবার ‘পুতিন’

কানাডার বিখ্যাত খাবার ‘পুতিন’ এবার যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে এটি পাঠানো হচ্ছে বলে শুক্রবার (২৭ নভেম্বর) জানিয়েছে কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)।
কানাডার ফরাসিভাষী কুইবেক প্রদেশের জনপ্রিয় এই খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি ও পনির (চিজ কার্ডস) দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনের খাদ্যবিধি মেনে চলার জন্য খাবারটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কুইবেকের শেফ ইভস লোয়ের সঙ্গে মিলে সিএসএ দুগ্ধমুক্ত ‘স্পেস ভেগান পুতিন’ তৈরি করেছে।
ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) দল মন্ট্রিয়াল কানাডিয়ানসের প্রধান শেফ ইভস লো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কল্পনা করছিলাম, জশ তার পুতিন খাচ্ছে আর নিজের বাড়ির মতোই একটু স্বস্তি অনুভব করছে।’
এই সপ্তাহান্তে মহাকাশ স্টেশনে প্রয়োজনীয় রসদ পাঠানোর (রিসাপ্লাই) একটি মিশনে করে ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে শুকানো এই পুতিন মহাকাশে পাঠানো হবে।
সূত্র: ফ্রান্স ২৪
ডিবিসি/এসভিএন