ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নাম ব্যবহার করতে পারবেন না আফগান নারীরা, বিবি বা দাদি সম্বোধনের নির্দেশ

নাম ব্যবহার করতে পারবেন না আফগান নারীরা, বিবি বা দাদি সম্বোধনের নির্দেশ

আন্তর্জাতিক

নাম ব্যবহার করতে পারবেন না আফগান নারীরা, বিবি বা দাদি সম্বোধনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৫ মিনিট আগে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস। নতুন এই নির্দেশনায় স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বা ‘দাদি’ বলে সম্বোধন করতে এবং নথিতেও এভাবেই উল্লেখ করতে বলা হয়েছে। অধিকারকর্মীদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞা শিগগিরই দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

তালেবানের এই সিদ্ধান্তকে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা মুছে ফেলার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখছেন অধিকারকর্মীরা। বিশেষ করে চিকিৎসাসেবার ক্ষেত্রে এর ফলে বড় ধরনের জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। নথিতে সবার জন্য একই সম্বোধন ব্যবহার করলে রোগীর পরিচয় শনাক্তে মারাত্মক ভুল হতে পারে। এর আগে নারীদের চিকিৎসাশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা এবং চিকিৎসাসেবায় নানা বাধ্যবাধকতার কারণে এমনিতেই আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

 

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে ক্ষমতায় ফিরে নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে তালেবান। বর্তমানে দেশটিতে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা এবং অধিকাংশ পেশায় নারীদের কাজ করার সুযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি জনসমক্ষে নারীদের কথা বলার ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম এসব বিধিনিষেধের পক্ষেই অবস্থান নিয়েছেন।

 

কঠোর এই পরিস্থিতির মাঝেও থেমে নেই আফগান নারীরা। গত ১৭ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটির বিভিন্ন এলাকায় নারীরা গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের জন্য গোপন স্কুল চালু রেখেছেন। কাবুলের এক সেলুন মালিক ও এক শিক্ষকের বক্তব্যে উঠে এসেছে তাদের এই নীরব সংগ্রামের চিত্র।

 

নারীদের পরিচয় প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করা অধিকারকর্মী লালাহ ওসমানি ২০১৭ সালে আফগানিস্তানের পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে মায়ের নাম যুক্ত করার দাবিতে প্রচার শুরু করেছিলেন। নানা হুমকির মুখেও ২০২০ সালে স্বেচ্ছায় মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হলেও তালেবান ক্ষমতায় ফেরার পর সেই অগ্রগতি আর টেকেনি। বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে ওসমানি বলেন, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা এখন একটি প্রতিরোধের কাজ।’

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন