আন্তর্জাতিক, ভারত
কলকাতায় নির্মাণাধীন তৃণমূলের সদর দপ্তর সিলগালা

পৌর কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় পশ্চিমবঙ্গের কলকাতার তপসিয়ায় নির্মাণাধীন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সিলগালা করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ পদক্ষেপ নেওয়ার পর তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো তৃণমূল ভবনের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে পুলিশ। কেবল নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শনিবার সকালে ভবনটির নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করার পাশাপাশি ইএম বাইপাস থেকে ভবনে যাওয়ার পথেও ব্যারিকেড বসানো হয়েছে।
সংস্কার ও নির্মাণকাজের কারণে তৃণমূলের দৈনন্দিন সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে অন্য একটি ভবনে স্থানান্তর করা হয়েছিল। তবে সম্প্রতি মহিলা তৃণমূল ও দলের তথ্যপ্রযুক্তি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের নির্মাণাধীন ভবনে নিয়মিত জমায়েতের আহ্বান জানায়। শুক্রবার সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ এ পদক্ষেপ নেয়।
খবর পেয়ে তৃণমূল নেতা দেবাশিস কুমার, কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, পৌর কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া নির্মাণাধীন ভবন ব্যবহার করা যাবে না।
পুলিশের পদক্ষেপকে বেআইনি দাবি করে বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, কোন আইনের ভিত্তিতে দলের নিজস্ব কার্যালয়ে কর্মীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে?
অন্যদিকে, তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান জানান, এটি প্রশাসনিক বিষয় এবং এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, নির্মাণকাজ বন্ধ করা হয়নি। তবে সরকার কোনো বেআইনি কার্যকলাপ বরদাশত করবে না।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, কোন আইনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে হলে আদালতে যেতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ডিবিসি/ এসএফএল