ইটালী, আন্তর্জাতিক
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস

ইতালিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ এবং বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করে বিতর্কিত শিক্ষা আইন পাস হয়েছে। নতুন এই আইনকে বৈষম্যমূলক ও বর্ণবাদী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে আইনটি চূড়ান্ত অনুমোদন পায়। এর পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। ভোটদানে বিরত ছিলেন চারজন আইনপ্রণেতা। এর আগে ২০ নভেম্বর সিনেটে আইনটি অনুমোদিত হয়।
নতুন আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বর্ষের প্রতিটি শ্রেণিতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। পাশাপাশি মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞার কারণে মুসলিম নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাব পরতে পারবেন না। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
আইনটি পাসের সময় বিরোধী আইনপ্রণেতারা ‘বিদ্যালয়ে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নয়, বরং পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার উপকরণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
ডেমোক্রেটিক পার্টির নেত্রী ইরেনে মানজি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক পরিস্থিতি উপেক্ষা করে এই আইন তাদের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে স্থানান্তরের সুযোগ তৈরি করেছে।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন আইনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাপা পাঠ্যবইয়ের অর্ধেক মূল্যে ডিজিটাল সংস্করণ সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া শিক্ষক নিয়োগ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিধান রাখা হয়েছে।
সূত্র: ইউরোনিউজ
ডিবিসি/ এসএফএল