ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের

খেলাধুলা, ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিকুর রহিম। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় জানানো সাবেক অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে এই সিরিজ দিয়ে। শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ খবর জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সেঞ্চুরিয়ন টেস্ট পাঁচ দিন গড়ালে শনিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। ম্যাচ তিন দিনেই শেষ হয়ে যাওয়ায় আগেভাগে দেশে ফেরেন তাঁরা। দেশে ফিরেই অবসরের সিদ্ধান্ত নেন মুশফিক। দক্ষিণ আফ্রিকা সফরই তাই হয়ে থাকল জাতীয় দলের সঙ্গে তাঁর শেষ বিদেশ সফর।

 

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। আগামী মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আরেকটি টেস্ট রয়েছে। মুশফিক বিদায়ের জন্য বেছে নিয়েছেন জানুয়ারির সিরিজটিই, যা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের শেষ সিরিজ।

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান, ম্যাচ ও সেঞ্চুরি

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক, রানও করেছেন সবচেয়ে বেশি। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

 

ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে সেঞ্চুরি পাননি মুশফিক। সেই ব্যাটসম্যানের নামের পাশেই এখন বাংলাদেশের সর্বোচ্চ ১৪টি টেস্ট সেঞ্চুরি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন তিনি। পরে আরও দুবার দ্বিশতক হাঁকান। উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটসম্যানও তিনি।

 

গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন মুশফিক। ওই ম্যাচে ১০৬ রান করে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় নাম লেখান তিনি।

 

অধিনায়ক হিসেবে স্মরণীয় জয়

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ, ড্র করেছে ৯টি।

 

২০১৬ সালে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় তাঁর দল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় পায় বাংলাদেশ।

 

হাবিবুল বাশারের অধিনায়কত্বে লর্ডসে শুরু হয়েছিল মুশফিকের টেস্ট ক্যারিয়ার। সব ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘরের মাঠে শেষ হবে সেই যাত্রা।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন