জাতীয়
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত আনসারদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের হামলায় আহত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার (২৮ নভেম্বর) তিনি আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মকর্তা ও সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এর আগে গত ২৫ নভেম্বর গাজীপুরের শালনায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের পরিকল্পিত ও আকস্মিক হামলার শিকার হন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এতে বাহিনীর তিন কর্মকর্তা ও ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্য আহত হন। ঘটনার পরপরই তাদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়। মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়টি তদারকি করেন।
হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত অন্য সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে।
ডিবিসি/এমএনকে