বাংলাদেশ, সারা বাংলা
নড়াইলে নিখোঁজের ৩দিন পর নদী থেকে কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজার সংলগ্ন চিত্রা নদীর ত্রিমোহনায় শীতলবাটী এলাকা থেকে কিশোর ভ্যানচালক অনিক মোল্যা উসমানের (১৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের তিনদিন পর শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ভাসমান মরদেহটি দেখে নৌপুলিশকে খবর দেন স্থানীয়রা। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
উসমান সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন শিপুু মোল্যার ছেলে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরেক ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৭)। রিহাদ কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।
নৌপুলিশ ও নিহত উসমানের স্বজনরা জানান, গত ২৫ নভেম্বর (বুধবার) বাড়ি থেকে ভ্যান নিয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় উসমান। এ সময় উসমান ও রিহাদ দু’টি ভ্যানে যাত্রী নিয়ে পিরোলীস্থানের দিকে যায়। এরপর থেকে ভ্যানসহ দুই চালক উসমান ও রিহাদ নিখোঁজ ছিল। ওইদিন রাতে পিরোলীস্থানে চিত্রা নদী থেকে গুরুতর আহত অবস্থায় রিহাদকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছে রিহাদ।
দুই কিশোরের ভ্যান ছিনিয়ে নিয়ে তাদের পিরোলীস্থানে চিত্রা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার।
এখনো পর্যন্ত দু’জনের ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত খুঁজে দ্রæত গ্রেফতারসহ যথাযথ শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী দুই পরিবার।
এ ব্যাপারে নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে পিরোলী বাজার সংলগ্ন চিত্রা নদীর মোহনা থেকে উসমানের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে উসমানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবিসি/ আরএফই