জাতীয়
সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুর সার্কিট হাউসে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রত্যেক নেতাকর্মীকে জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা, যা সব নেতাকর্মীর কাছে পৌঁছে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী একটি সুন্দর, শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়ে ডা. জাহিদ বলেন, শহর ও গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
সমাজের অসহায়, দরিদ্র, অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের খোঁজখবর নেয়া এবং প্রয়োজনের সময় তাদের সহায়তা করা নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ সময় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের অন্য শিশুদের শিক্ষার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও মো. খালেকুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমএনকে