ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

গণহত্যায় ভেটো ক্ষমতা সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যায় ভেটো ক্ষমতা সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

জাতীয়

গণহত্যায় ভেটো ক্ষমতা সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

বাসস

ডিবিসি নিউজ

৩৭ মিনিট আগে

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্য নিয়ে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে নিরাপত্তা পরিষদ যাতে অচল হয়ে না পড়ে, সে জন্য বড় ধরনের নৃশংসতার ঘটনায় স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

 

উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরিতে সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

 

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষই দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।

 

এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন