বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে ড্রাইভিং শেখানোর আড়ালে নারীর আপত্তিকর ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার যুবক

ময়মনসিংহে ড্রাইভিং প্রশিক্ষণের আড়ালে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইল এবং প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রধান আসামি আশরাফুল আলম (৩০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর বয়ড়া ছালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল আলম ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৫) ধারার মামলার প্রধান আসামি। গত ২৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়।
এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পেশায় গাড়িচালক আশরাফুল আলমকে ২০২১ সালে এক নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে কৌশলে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন আশরাফুল। একপর্যায়ে গোপনে তাঁর কিছু আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন আশরাফুল। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী বিভিন্ন সময়ে তাঁকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ভুক্তভোগী নারী আশরাফুলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর স্বামীর অফিস সহকারীর মোবাইল ফোনে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই এসআরবি-১৪-এর সদর কোম্পানি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে একটি আভিযানিক দল বয়ড়া ছালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিবিসি/ আরএফই