জাতীয়
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষাঙ্গণের সর্বত্রই ছিল নৈরাজ্য। তবে বর্তমান সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এই সম্মিলনের আয়োজন করা হয়।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে কলেজ অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করেন ড. মিলন।
বিগত সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াই অনার্স কোর্স খোলা হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনা তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিল জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দ্রুত কারিকুলাম আধুনিকায়নের মাধ্যমে দক্ষ পাইলট ও এভিয়েশন জনবল তৈরির নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে ড. মিলন বলেন, সম্প্রতি এসএসসিতে পুনঃনিরীক্ষণে ৪৫ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার ৬ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যেন হতাশ না হয় বা বছর নষ্ট না করে, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দাবি আদায়ের জন্য শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। তিনি অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে নিয়মিত ক্লাস ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন। সম্মিলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
ডিবিসি/এমএনকে