ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গুলিবিদ্ধ পা নিয়ে ফের লোকালয়ে আশ্রয় নিল টেকনাফের সেই বন্যহাতি, নিরাপদে বনে ফেরানোর চেষ্টা

গুলিবিদ্ধ পা নিয়ে ফের লোকালয়ে আশ্রয় নিল টেকনাফের সেই বন্যহাতি, নিরাপদে বনে ফেরানোর চেষ্টা

সারা বাংলা

গুলিবিদ্ধ পা নিয়ে ফের লোকালয়ে আশ্রয় নিল টেকনাফের সেই বন্যহাতি, নিরাপদে বনে ফেরানোর চেষ্টা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত সেই বন্যহাতিটি আবারও লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরের আঙিনায় হাতিটিকে অবস্থান করতে দেখা যায়। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) স্থানীয়দের সহযোগিতায় আহত হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (২৮ নভেম্বর) ভোরে পাহাড়সংলগ্ন হলবনিয়া এলাকায় হাতিটির উপস্থিতি টের পান তাঁরা। যন্ত্রণাকাতর হাতিটি লোকালয়ের বিভিন্ন স্থানে ধীরগতিতে বিচরণ করার সময় আশপাশের কিছু গাছপালার ক্ষতি হয়। বসতবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

 

হলবনিয়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, সকালে শীলখালী রেঞ্জের ওই বসতঘরের আঙিনায় হাতিটি অবস্থান নিলে কিছু মানুষ আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ডান পা স্বাভাবিকভাবে মাটিতে ফেলতে না পারায় দুর্বল হাতিটি পুরোপুরি বনে ফিরতে পারেনি; বর্তমানে এটি বনের আশপাশেই অবস্থান করছে। এদিকে হাতিটিকে দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমানোয় আহত প্রাণীটি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় তাকে শান্ত ও নিরাপদ উপায়ে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রাণীটির সার্বিক সুরক্ষা ও চিকিৎসার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এর আগে গত ১৮ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার গভীর পাহাড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এই হাতিটির সন্ধান পাওয়া যায়। বন বিভাগ ও চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম ট্রাংকুলাইজার প্রয়োগ করে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সে সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া গিয়েছিল। চিকিৎসক মোস্তাফিজুর রহমান তখন জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে গুলিবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় ভোগা হাতিটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম।

 

চিকিৎসার কয়েক দিনের মাথায় দুর্বল ও অসুস্থ অবস্থায় হাতিটি আবারও লোকালয়ে চলে আসায় ক্ষতস্থানে সংক্রমণ, নতুন করে আহত হওয়া এবং মানুষ-বন্যপ্রাণী সংঘাতের ঝুঁকি বেড়েছে। হাতিটিকে মানুষের অসচেতন আচরণ ও আক্রমণ থেকে রক্ষা করা এবং নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে নিতে বন বিভাগের সার্বক্ষণিক নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন