ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজ

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজ

বিনোদন

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী রবিবার (২৯ নভেম্বর)। ২০০১ সালের এই দিনে ৫৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর এই লিড গিটারিস্ট।

একাত্তরে যখন বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর গণহত্যা চালাচ্ছিল, তখন গানের মাধ্যমে বিশ্ববিবেককে জাগিয়ে তুলেছিলেন জর্জ হ্যারিসন। বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে তিনি বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসেন।

 

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত হয় ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্টে হ্যারিসনের সঙ্গে আরও অংশ নেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা। প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত দুটি শো থেকে অর্জিত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

 

এই কনসার্টের জন্যই জর্জ হ্যারিসন রচনা ও সুর করেন কালজয়ী গান ‘বাংলাদেশ’। গানের কথায় তিনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষের আর্তনাদ ও মুক্তির আকুতি তুলে ধরেন। সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে এই কনসার্ট ও গানটি ব্যাপক সাড়া ফেলে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন জর্জ হ্যারিসন। ‘দ্য বিটলস’-এর সদস্য হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর সত্তর দশকে ব্যান্ডটি ভেঙে গেলে তিনি একক সংগীতজীবনেও ব্যাপক সাফল্য পান।

 

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। প্রয়াণ দিবসে আজ কৃতজ্ঞচিত্তে এই মহান শিল্পী ও বাংলাদেশের দুঃসময়ের বন্ধুকে স্মরণ করছে দেশের মানুষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন