ডিবিসি নিউজdbcnews.tv

সাহিত্য

দানবীর হাজী মুহাম্মদ মহসিনের প্রয়াণ দিবস আজ

দানবীর হাজী মুহাম্মদ মহসিনের প্রয়াণ দিবস আজ

সাহিত্য

দানবীর হাজী মুহাম্মদ মহসিনের প্রয়াণ দিবস আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

উপমহাদেশের প্রখ্যাত দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক হাজী মুহাম্মদ মহসিনের ২১৪তম মৃত্যুবার্ষিকী রবিবার (২৯ নভেম্বর)। ১৮১২ সালের এই দিনে পশ্চিমবঙ্গের হুগলিতে মৃত্যুবরণ করেন বাংলার শিক্ষা বিস্তার ও মানবসেবার এই চিরস্মরণীয় ব্যক্তিত্ব।

১৭৩২ সালের ৩ জানুয়ারি হুগলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাজী মুহাম্মদ মহসিন। তার বাবা হাজী ফয়জুল্লাহ ও মা জয়নব খানম। সৎ বোন মন্নুজান খানমের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তির মালিক হন তিনি। তবে চিরকুমার মহসিন অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এবং তার অর্জিত বিশাল সম্পদের পুরোটাই মানবকল্যাণ ও শিক্ষার প্রসারে বিলিয়ে দেন।

 

১৭৬৯-৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের (ছিয়াত্তরের মন্বন্তর) সময় তিনি অসংখ্য লঙ্গরখানা স্থাপন করে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের প্রাণ বাঁচান এবং সরকারি তহবিলে বিপুল অর্থ সহায়তা দেন।

 

বাংলার শিক্ষাবিস্তারে তার অবদান চিরস্মরণীয়। ১৮০৬ সালে তিনি তার সমস্ত সম্পত্তি ওয়াক্ফ করে ‘মহসিন ফান্ড’ গঠন করেন। এই তহবিলের অর্থ দিয়ে হুগলি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বাংলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তার অনুদানের টাকায় প্রতিষ্ঠিত হুগলি মহসিন কলেজ, ঢাকার কবি নজরুল সরকারি কলেজ (তৎকালীন মোহসিনীয়া মাদ্রাসা), চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী ও খুলনার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এ ছাড়া এই তহবিল থেকে প্রদত্ত বৃত্তির মাধ্যমে বাংলার বহু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন।

 

শিক্ষা ও সমাজসেবায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ‘হাজী মুহাম্মদ মহসিন হল’ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঢাকার ঘাঁটির নামকরণ করা হয়েছে ‘বিএনএস হাজী মহসিন’।

 

মৃত্যুর পর হুগলি ইমামবাড়ার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। প্রয়াণ দিবসে আজ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই মহান দানবীরকে স্মরণ করছে বাংলার মানুষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন