ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ মানব পাচার ও ডাকাত চক্রের ৭ সদস্য আটক

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ মানব পাচার ও ডাকাত চক্রের ৭ সদস্য আটক

সারা বাংলা

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ মানব পাচার ও ডাকাত চক্রের ৭ সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একাধিক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানব পাচার ও ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের শিকার দুই জিম্মিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে সৈনিক তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্যদের আটক করা হয়।

 

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণ করে জিম্মি করে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর সদস্যরা জব্দ করেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার একাধিক স্থানে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মানব পাচার ও ডাকাত চক্রের সদস্যদের পাশাপাশি সৈনিক তিতাস হত্যা মামলার আসামি আটক হওয়ায় অভিযানটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে মানব পাচার, অপহরণ, ডাকাতি ও অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অস্ত্রধারী সন্ত্রাসী, মানব পাচারকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন