সারা বাংলা
মিয়ানমার থেকে আনা প্রায় ৩ কোটি টাকার সুপারি জব্দ, আটক ২৫

মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৭২ টন (৭২ হাজার কেজি) সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সুপারি পরিবহনে ব্যবহৃত তিনটি বোটসহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।
রবিবার (২৯ নভেম্বর) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোন, ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার নোয়াখালীর হাতিয়া উপজেলার লাল বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের একটি দল লাল বয়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালায়। এ সময় বোটগুলো থেকে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ এবং পাচারের সঙ্গে জড়িত ২৫ জনকে আটক করা হয়।
জব্দ করা সুপারি, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/পিআরএএন