আন্তর্জাতিক
ভূমিকম্পের সময় সাহায্য না করে দৌড়ে পালালেন স্বামী, রাগে ডিভোর্স দিলেন স্ত্রী!

জীবন-মৃত্যুর সংকটে সঙ্গীর পাশে না দাঁড়ানোর পরিণতিতে ভেঙে গেল একটি সংসার। ভূমিকম্পের সময় স্ত্রীকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো দৌড়ে পালানোয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী। নিজের বিবাহিত জীবনের এই চমকপ্রদ ঘটনা তিনি টিকটকে প্রকাশ করার পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি evanalexisolive নামের টিকটক অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে ওই নারী পুরো ঘটনা তুলে ধরেন। তিনি জানান, একদিন তারা দুজন একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন, এমন সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। আশপাশের অন্য সবাই যখন যার যার সঙ্গীকে দাঁড়াতে বা নিরাপদে টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিলেন, তখন তার স্বামী টেবিল ছেড়ে লাফিয়ে দৌড়ে পালিয়ে যান।
ওই নারীর দাবি, তার স্বামী হয়তো ভেবেছিলেন তিনি তাকে দেখতে পাননি। কিন্তু বাস্তবে স্বামী রেস্তোরাঁর ঠিক উল্টোপাশেই গিয়ে লুকিয়েছিলেন এবং ওই নারী তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যদিও লুকানোর সময় স্বামী বিষয়টি বুঝতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।
ভিডিওতে তিনি আরও জানান, ওই ভূমিকম্পে কেউ হতাহত হননি ঠিকই, কিন্তু নিজের অসহায়ত্বের মুহূর্তে রেস্তোরাঁর কর্মীদের সহানুভূতি তাকে আরও বেশি বিব্রত করে। এক কর্মী এসে তার খোঁজখবর নেন এবং সঙ্গীর এভাবে ফেলে চলে যাওয়ার বিষয়টিকে 'খুবই অদ্ভুত' বলে মন্তব্য করেন।
সব মিলিয়ে পুরো ঘটনাটিকে নিজের জন্য চরম অপমানজনক ও লজ্জাজনক বলে বর্ণনা করেছেন ওই নারী। তার ভাষায়, সংকটের মুহূর্তে স্বামী তার কথা একবারও ভাবেননি, আর এই উপলব্ধি থেকেই তিনি বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।
ডিবিসি/এফএইচআর