আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরপর দুই দফায় ভূমিকম্পে একটি দোকানের ৪৫ হাজার ডলারের ওয়াইন নষ্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় শক্তিশালী ভূমিকম্প ও এর পরবর্তী পরাঘাতে (আফটারশক) একটি মুদি দোকানের প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় অর্ধকোটি টাকার বেশি) মূল্যের শত শত ওয়াইনের বোতল ভেঙে নষ্ট হয়ে গেছে। শনিবার স্থানীয় সময় সকালে হারমোসা বিচের 'বোকাতোস গ্রোসারিজ' নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। দোকানের এক কর্মী এই জোড়া কম্পনকে ‘এক-দুই পাঞ্চ’ বা পরপর দুটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সকালে ম্যানহাটন বিচ উপকূলে ৫.০ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমের দোকানপাট ও ঘরবাড়ি কেঁপে ওঠে। মূল ভূমিকম্পের পর ওই এলাকায় ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে দোকানের তাক থেকে শত শত ওয়াইনের বোতল মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছে। দোকানের প্রতিনিধি জে হেরন বিবিসিকে জানান, ভিডিওটি দোকান খোলার ঠিক আগমুহূর্তে ধারণ করা হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টা পর যখন ক্রেতারা দোকানের ভেতরে কেনাকাটা করছিলেন, ঠিক তখনই একটি শক্তিশালী পরাঘাত আঘাত হানে এবং একইভাবে আরও বহু বোতল ভেঙে পড়ে। তিনি বলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে আমাদের দুবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হলো। সবকিছু শেষ না হলেও আমরা অনেক কিছু হারিয়েছি।
হেরন জানান, ভূমিকম্পপ্রবণ এলাকায় সাধারণত তাক থেকে পণ্য পড়া ঠেকাতে তারের সুরক্ষা বেষ্টনী ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘদিন এমন বড় কম্পন না হওয়ায় তাদের দোকানের তাকগুলোতে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে ঝাঁকুনিতে ওয়াইন ও মদের বোতলগুলো সরাসরি মেঝেতে ছিটকে পড়ে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের পর বিভিন্ন এলাকার ফায়ার স্টেশন থেকে কর্মীদের ক্ষয়ক্ষতি নিরূপণে পাঠানো হয়েছিল। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ায় ছোটখাটো ভূমিকম্প নিয়মিত ঘটনা হলেও এক দশকের বেশি সময় পর এই এলাকায় এতটা শক্তিশালী কম্পন এবং একসঙ্গে কয়েক ডজন পরাঘাত অনুভূত হলো। জে হেরন জানান, ১৯৯৪ সালের নর্থরিজ ভূমিকম্পের পর এমন তীব্র কম্পন তিনি আর দেখেননি। সে সময় ৬.৭ মাত্রার ওই ভূমিকম্পে ৫৭ জন নিহত হয়েছিলেন এবং রাস্তাঘাট ও ভবন ধ্বংস হয়েছিল।
আলাস্কার পর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ অঙ্গরাজ্য। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড়ে প্রতি তিন মিনিটে একটি করে ভূমিকম্প হয়, যার অধিকাংশই অনুভূত হয় না। তবে প্রতি বছর ১৫ থেকে ২০টি ভূমিকম্পের মাত্রা ৪.০ ছাড়িয়ে যায়।
এদিকে বোকাতোস গ্রোসারিজের কাছাকাছি অবস্থিত লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও (এলএএক্স) শনিবারের কম্পন বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। কম্পনের ফলে বিমানবন্দরের জানালার কাঁচ ভেঙে যায় এবং একটি টার্মিনালের হাঁটার পথ সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ছাদের পানির পাইপ ফেটে পানি পড়তে দেখা গেছে। এ ছাড়া, ভূমিকম্পের ঠিক আগমুহূর্তে রানওয়েতে অবতরণের জন্য এগিয়ে আসা ডেল্টা এয়ার লাইন্সের একটি ফ্লাইটকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অবতরণ বাতিল করার নির্দেশ দেন বলেও অডিও ও ভিডিও রেকর্ডে উঠে এসেছে।