সারা বাংলা
লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে ১৩ জনকে অবরুদ্ধের অভিযোগ, অভিযুক্তদের দাবি ভিন্ন

লক্ষ্মীপুরে ৪০ লাখ টাকা চাঁদার দাবিতে বাড়ির গেটে তালা লাগিয়ে দুটি পরিবারের ১৩ সদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। প্রায় ১২ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থায় থাকা নয়জন নারী, তিন শিশু ও এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন মহিলা কলেজ সংলগ্ন একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত ১১টার দিকে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গেট ও মার্কেটের প্রতিটি দোকানে তালা লাগিয়ে সামনে মাটির বস্তা ফেলে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অভিযোগ পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির বস্তা সরিয়ে ও গেটের তালা খুলে তাঁদের উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় শনিবার রাত ১১টার দিকে জামাল, তারেক, রুবেল ও তোফায়েলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গেটে তালা লাগিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে অভিযুক্তরা হঠাৎ এসে বাড়ির গেটে তালা লাগিয়ে দেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন। এমনকি রবিবার সকালে তাঁদের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারেনি। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, ওই জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। রহিমা বেগমের পরিবার জোরপূর্বক তা দখল করে রেখেছে। নিজেদের জমি উদ্ধারের জন্যই তাঁরা সেখানে গিয়েছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল