ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী, আইন ও কানুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

রাজধানী, আইন ও কানুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি এ রিট আবেদন দায়ের করেন। আগামী ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে এতে।

 

রিট আবেদনে নির্বাচন কমিশনের নীরব ভূমিকার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ তৈরিতে নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা গ্রহণ করেছে, সে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

 

শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ইতোমধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটাধিকারও প্রয়োগ করেছেন। ফলে বিদেশে অবস্থান করেও ভোট দেয়ার একটি কার্যকর ব্যবস্থা যে রয়েছে, তা জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে।

 

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে ২০২৫ সালের ৩১ মার্চ একটি সংশোধনী আনা হয়। এর ভিত্তিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা চালু করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সচিবালয় ২০২৫ সালের ২০ আগস্ট ও ১৮ নভেম্বর দুটি পরিপত্র জারি করে। এসব পরিপত্রের ভিত্তিতেই জাতীয় নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

শিশির মনির আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আইনগতভাবে নাগরিকদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণের বিধান রয়েছে। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী, একজন ভোটারকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে, কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া যাবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী অথবা অধিবাসী হিসেবে গণ্য হতে হবে। এই চারটি শর্ত পূরণ করলে একজন নাগরিকের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেয়ার যোগ্যতা রয়েছে।

 

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, তাহলে একই নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনেও কেন সেই সুযোগ পাবেন না? বিশেষ করে সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী হিসেবে যাদের আইনগত যোগ্যতা রয়েছে, তাদের বিদেশে অবস্থানের কারণে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত রাখা কতটা যৌক্তিক, সেটিই আদালতের সামনে তুলে ধরা হয়েছে।

 

শিশির মনির বলেন, বিষয়টি নিয়ে আমরা একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে কয়েক দফা চিঠি দেয়ার পাশাপাশি আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় রয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরও জানান, দুইজন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তি মিলে রিট আবেদনটি দায়ের করেছেন। আবেদনে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের নীরবতার কারণ জানতে চাওয়ার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

রিটে বিশেষভাবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রবাসীরা যাতে ওই নির্বাচনে ভোট দিতে পারেন, সে জন্য কমিশন কী ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে, তা আদালতে জানাতে নির্দেশনা চেয়েছেন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন